নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলামের ওপর সালিশ বৈঠকে এক পক্ষ হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়েছে। রোববার বিকেলে পাটনা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

এদিকে সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্যের বড়ভাই ফয়জুর রহমান রাতেই হামলাকারী ৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। এদের দুইজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ফখরুল ইসলামের প্রতিবেশি ছায়াদ আহমদ (২৬) তার চাচাতো ভাই বদই মিয়ার স্ত্রীকে মারধর করেন। বদই মিয়ার স্ত্রী সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলামের নিকট ঘটনার বিচারপ্রার্থী হন। রোববার বিকেলে মেম্বার ফখরুল ইসলাম ঘটনার সমাধান করতে কয়েকজন মুরব্বি নিয়ে আসামিদের বাড়িতে যান। সালিশ বৈঠক চলাকালে হঠাৎ আসামিরা উত্তেজিত হয়ে দা, শাবল ও লাঠিসোটা দিয়ে তার হামলা চালায়। এতে ইউপি মেম্বার ফখরুল ইসলাম, নজরুল ইসলাম ও জয়নুল ইসলাম মুন্না আহত হন। হামলার ঘটনায় আহত ইউপি সদস্যের বড়ভাই ফয়জুর রহমান রোববার রাতে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আইয়ুব আলী, ছায়াদ আহমদ ওরফে সাহেদ আহমদ ও মো. আব্দুল্লাহ।   

বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস বলেন, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় পুলিশ ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের দুইজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অপর আসামি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।


সিলেটভিউ২৪ডটকম/লাভলু