সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি ও বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) এর পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু।

সিলেটের প্রাচীনতম লতিফ ট্রাভেলসের পরিচালক এ ঘটনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



শিরু বলেন, দেশের পর্যটন স্পটগুলোর পরিবেশ, নিরাপত্তা ও সেবার মানের উপর দেশের পর্যটনশিল্পের বিকাশ ও অর্থনৈতিক সম্ভাবনা অনেকাংশে নির্ভরশীল। করোনা লকডাউনে বাংলাদেশসহ পর্যটন স্পটগুলো বন্ধ ছিল, খুলে দেয়ার পর পর্যটন স্পটগুলো আবার হাজারো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। ঠিক এমন সময় ‘প্রকৃতিকন্যা জাফলং’-এ বেড়াতে আসা পর্যটকদের উপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। অতিথিপরায়ন অঞ্চল হিসেবে খ্যাত সিলেটে এরকম হামলার ঘটনা উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মর্মাহত করেছে।

পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।


হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সিলেটের পর্যটনে এর কোনো প্রভাব না পড়ে, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানান বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) এর পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু।


সিলেটভিউ২৪ডটকম/পিডি