নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের প্রখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। 


শনিবার (৭ মে) সন্ধ্যায় তিনি ২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। গত বছর তিনি ২৫তম বারের মতো আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার এই শিখর জয় করেন। এবার নিজের রেকর্ড ফের ভেঙে ৫২ বছরের এই নেপালি পর্বতারোহী ইতিহাস গড়লেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।



জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কামি রিতা শেরপা চূড়ায় পৌঁছান। তার সঙ্গে এভারেস্ট জয় করেন আরও ১০জন নেপালি পর্বতারোহী। তারা হলেন, সোনা শেরপা, এনগিমা তাশি শেরপা, ফুরবা শেরিং শেরপা, তেনজিং গয়ালজেন শেরপা, লাকপা তেনজি শেরপা, ফুরবা কুসাং শেরপা, মিংমা দন্ধু শেরপা, পাস্তেনজি শেরপা, তারেমান তেমাং ও ফুরবা ছোটার। দলটির নেতৃত্বে ছিলেন কমি রিতা শেরপাই।


১৯৯৪ সালের ১৩ মে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন কামি রিতা। তারপর থেকে এভারেস্টকে প্রায় নিজের ঘর-বাড়ি বানিয়ে ফেলেছেন অভিজ্ঞ এই পর্বতারোহী। ১৯৯৪ থেকে ২০২২ এই ২৮ বছরে তিনি ২৬ বার এভারেস্ট জয় করলেন।


নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী আজ রোববার বলেন, কামি রিতা নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন ও পর্বতারোহণে নতুন একটি বিশ্ব রেকর্ড করেছেন।


হিমালয়ান ডেটাবেইজের তথ্য অনুযায়ী, ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। অনেকেই বেশ কয়েকবার করে এভারেস্ট জয় করেছেন। আর এ পর্যন্ত এভারেস্টের চূড়ায় আরোহণ করতে গিয়ে মারা গেছেন ৩১১ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭
 


সূত্র : জাগোনিউজ