মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় ৩৮০টি হাঁসের ছানাসহ হুমায়ূন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ মে) সকালে শ্রীমঙ্গল সেক্টরের ৫৫ বিজিবি ব্যাটালিয়ানের সিন্দুরখান বিওপির সদস্যরা তাকে আটক করে।
আটক হুমায়ূন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর উপজেলার ঢলমন্ডল গ্রামে।
এ সময় পাচারের উদ্দেশ্যে আনা ৩৮০টি হাঁসের বাচ্চা, ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৯ বোতল মদ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদা মো. তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় চক্রের স্থানীয় সদস্য ফোরকান মিয়া পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে গেলে এটি তারা জব্দ করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় সিজারে সম্পৃক্ত ৩৮০টি হাঁসের ছানা নিলামে বিক্রি করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল সেক্টরের বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক এস এন এম সামিউন্নবী চৌধুরী জানান, সীমান্ত এলাকার টহল তৎপরতা বেড়েছে। ফলে সীমান্ত রক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যারাই অবৈধ কাজ করতে আসে তারা অধিকাংশ ক্ষেত্রেই ধরা পড়ছেই।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-০৬




