দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, সিলেটে বন্যাদুর্গত এলাকায় ২৫ লক্ষ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, আমরা ঘুরে দেখলাম- সিলেটের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বদা প্রস্তুত। আমরা আজকে সিলেটের দুর্গত এলাকা ঘুরে দেখবো। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবো। সবার সাথে আলাপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রত্যেক বছরই এই অঞ্চলে ঢল নামে। কিন্তু এবার ব্যাপক আকারে ঢল নামছে। সিলেটের উজানে মেঘালয়ের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ফলে এবার বন্যা মারাত্মক আকার ধারণ করেছে।
বন্যা মোকাবেলায় আগামীতে এই অঞ্চলের নদনদীগুলোর নব্যতা ফিরিয়ে আনা হবে বলে জানান এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এই নদীগুলো ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেটে অকাল বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে আজ বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সরাসরি ছুটে যান বন্যা কবলিত সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে। এসময় তারা বন্যার্তদের মাঝে শুকনো ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বুধবর দিনভর পররাষ্ট্রমন্ত্রী ও দুর্যোগ প্রতিমন্ত্রী বন্যার পানিতে প্লাবিত সিলেট মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




