ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভেলপমেন্ট- সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মে) সিলেটে অনুষ্ঠিত হবে ‘উইমেন অফ দ্য ওয়ার্ল্ড (ওয়াও ফেস্টিভাল)’ উৎসব।
এই উৎসবে তুলে ধরা হবে বাধা ডিঙিয়ে বিশ্বের নারীদের অর্জনগুলো। এছাড়াও থাকছে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, কর্মশালা, স্পিড মেন্টরিং এবং আরও অনেক কিছু।
বৃহষ্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামের বাইরের মাঠে এই ‘ওয়াও ফেস্টিভাল’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে উদ্বোধন অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৩টায়।
এর আগে সকালে উইমেন ইন ই-কর্মাস ও নারীদের সেলফ ডিফেন্সের কৌশল নিয়ে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে দুটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
‘পড়ালেখা, ক্যারিয়ার সবকিছুর চেয়েই বিয়ে নয়’ এ বিষয় বিকেলে মূল স্টেজে হবে প্যানেল আলোচনা। কম্পিটারের প্রোগ্রামিংয়ে নারীরা কীভাবে ক্যারিয়ার গড়তে পারে- সে বিষয়ে হবে পৃথক প্যানেল আলোচনা। এসব আলোচনায় সফল ৪ জন নারী তাদের জীবনযাত্রা ও অর্জনের গল্প শোনাবেন।
এছাড়া নিজ নিজ ক্ষেত্রে সফল ৫ জন বিশেষজ্ঞের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারবেন তরুণ-তরুণীরা।
অপরদিকে, মার্কেট প্লেসে নারী উদ্যোক্তারা তাদের পণ্যের প্রদর্শনী করবেন।
বৃহস্পতিবারের ‘ওয়াও ফেস্টিভাল’র অন্যতম আকর্ষণ থাকছে সিলেটের ঐতিহ্যাবাহী ধামাইল গান, লাঠি নৃত্য, মণিপুরি নৃত্য, কবিতা আবৃত্তি। এরই বাইরে সন্ধ্যায় মঞ্চ মাতাবেন ‘সিলেটি ফুরি’ ও ‘নয়া দামান’ গানের জন্য আলোচিত তসিবা বেগম।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




