পরকীয়া সন্দেহে দুর্গাপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে সন্দেহ দেখা দিয়েছে। এদিকে এমন ঘটনার রহস্য জানতে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গাপুর থানার পুলিশ।
পরে বিকেলে সাড়ে ৫টায় ঘটনাস্থল পরিদর্শনে আসে সিআইডি। পরিদর্শন শেষে আলামত সংগ্রহের পর পুলিশের সহায়তায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে এ বিষয়ে সিআইডির কর্মকর্তারা তদন্তের স্বার্থে কিছু জানাননি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে ভ্যানচালক মাদকাসক্ত স্বামী সুলতান ঠাটারু (৪২) স্ত্রী ইসনাহার (৩৬) অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন। এ জন্য স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া ও নির্যাতনের ঘটনা ঘটত বলে জানায় এলাকাবাসী।
নিহতের পুত্র বাপ্পি হোসেন ঠাটারু সাংবাদিকদের বলেন, তার মাদকাসক্ত পিতা সুলতান ঠাটারু দীর্ঘদিন থেকে কোনো কাজ না করে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে তার মায়ের সঙ্গে সব সময় ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। গতকাল মঙ্গলবার রাতে তার বাবা ও মায়ের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে বলে জানান নিহতের পুত্র বাপ্পি।
বাপ্পি আরো জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে বাবার ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাপ্পি (১৮)। এবং তার ছোট বোন মাহী (৭) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত ভ্যানে ভাড়া মেরে স্কুল থেকে বোন মাহীকে নিয়ে বাড়িতে চলে আসেন বাপ্পি। বাড়িতে এসে দেখেন ঘরের দরজা লাগানো। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ভেতরে ঢুকলে গলায় দড়ি দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ এবং মায়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।
পরে এলাকাবাসীর সহযোগিতায় দুর্গাপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর থানার পুলিশ ও পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার ইমরান জাকারিয়া। মৃত গৃহবধূ ইসনাহারের চাচাতো ভাই সাংবাদিকদের বলেন, 'দীর্ঘদিন থেকে ভগ্নিপতি সুলতান আমার বোন ইসনাহারকে মারপিট ও নির্যাতন করে আসছিল। ভগ্নিপতির মাদক সেবনে বাধা দিলে সে আমার বোনকে মারপিট করে হত্যার হুমকি দিয়ে আসছিল। আমার বোনকে হত্যা করা হয়েছে বলে আমার বিশ্বাস। '
দুর্গাপুর থানার ওসি নাজমুল হক জানান, সুলতান আলীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিছানায় তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে।
পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছিল। আলামত নিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-৩২
সূত্র : কালের কণ্ঠ




