বন্যায় পানিবন্দি সিলেট নগরীর লক্ষাধিক মানুষ । গেল তিনদিন ধরে নানা ধরণের দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। এমন পরিস্থিতিতে নগরবাসীর পাশে ছিলেন না সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। গেল ৮ মে লন্ডনে বসবাসরত মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যক্তিগত সফরে লন্ডন যান মেয়র আরিফ। সফরটি আরও দীর্ঘ হওয়ার কথা থাকলেও ফিরেছেন তিনি।

 


বৃহস্পতিবার (১৯ মে) সকালে লন্ডন থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান মেয়র আরিফ। সেখান থেকে সকাল সোয়া ১১টায় সিলেট নগরীর তেরোরতন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। এরপর শিবগঞ্জসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

 

পরিদর্শনকালে সাংবাদিকদের মেয়র আরিফ জানান, সম্মিলিত প্রচেষ্ঠায় এ দূর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করা হবে। নগরবাসী যাতে নিরাপদে থাকেন এবং তাদের কম দূর্ভোগ পোহাতে হয় এ ব্যাপারে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।


ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য অপরিকল্পিত উন্নয়ন, ছড়া-খাল উদ্ধার, ড্রেন সংস্কার ও নির্মাণে ধীরগতিতে ভোগান্তি দাবি করে সিসিককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।  নগরবাসীর চরম ভোগান্তির সময়ে লন্ডনে অবস্থান করায় তীব্র সমালোচনার মুখে পড়েন মেয়র আরিফ।

 

লন্ডন সফর শেষে মানুষের দুর্ভোগ লাঘবে তিনি কতটুকু কাজ করতে পারেন- সেদিকে চেয়ে থাকবেন সিলেট নগরবাসী।


সিলেটভিউ২৪ডটকম/পিডি