সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নাগরিক জীবনকে দূর্বিষহ করে তুলছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে ৩ জন যাত্রী বহনের আদেশ দেয়া হলে ৬০% অতিরিক্ত ভাড়া আদায় করা শুরু করেছিলো সিএনজি অটোরিকশা চালকেরা।
করোনার প্রকোপ অনেকখানি কমে আসলেও সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় কমেনি। ৩ জন যাত্রী পরিবহনের আদেশ থাকলেও ৫ জন যাত্রী বহন করা হচ্ছে, কিন্তু, ভাড়া কমেনি।
সর্বশেষ ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হলে বন্যার অজুহাতে ইচ্ছামতো ভাড়া আদায় করেছে বিভিন্ন অটোরিকশা চালকেরা।
এই ভাড়া নৈরাজ্য নিয়ে 'আমরা সচেতন নাগরিক'-এর ব্যানারে সোমবার (২৩ শে মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতীকী গণজমায়েত এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির প্রধান উদ্দেশ্য সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় এবং হয়রানি থেকে রেহাই পেতে দলমত নির্বিশেষে একাত্ম হয়ে আন্দোলন জোরদার করা।
'আমরা সচেতন নাগরিক'- এর পক্ষ থেকে সকলকে এই কর্মসূচীতে যোগ দেবার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/টিএস/এসডি-৩৯




