সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।
মঙ্গলবার (২৫ মে) দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তারা।
এসময় তারা বলেন, বানভাসি মানুষেরা বিচলিত হবার কারণ নেই। বন্যা ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম।
মঙ্গলবার সকাল দশটা থেকে পশ্চিম জাফলং ইউনিয়ন ও পূর্ব জাফলং ইউনিয়নের গোয়াইনঘাট-রাধানগর সড়ক, গোয়াইনঘাট-মাতুরতল সড়ক, সালুটিকর-গোয়াইনঘাট সড়ক, তোয়াকুল বাজার, তোয়াকুল-বৌলগ্রাম সড়ক, তোয়াকুল-ঘোড়ামারা সড়ক, সোনার বাংলা-বীরকুলি সড়ক, জাঙ্গাইল-ফুলতৈলছ গ্রাম সড়ক এবং নন্দীরগাঁও-মানাউরা সড়ক পরিদর্শন করেন।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন তারা। বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় সহায়তা দেওয়াসহ দ্রুত ব্রিজ, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের আশ্বাস দেন।
উল্লেখ্য চলতি মাসের ১২ তারিখ থেকে স্থানীয় ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে ডুবে যায় গোয়াইনঘাট উপজেলার নব্বই শতাংশ এলাকা। বন্যার
পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার নন্দীরগাঁও, তোয়াকুল, রুস্তুমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া,মধ্য জাফলং, গোয়াইনঘাট সদর ইউনিয়ন, পশ্চিম আলীরগাঁও, পূর্ব আলীরগাঁও ও ডৌবাড়ী ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তাছাড়া পানিবন্দি শতাধিক পরিবার পার্শ্ববর্তী এলাকা ও ৯টি আশ্রয় কেন্দ্রে উঠেন।
বন্যায় গোয়াইনঘাট উপজেলা সদর ও সিলেট জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়কগুলোসহ গ্রামীণ ৯০ ভাগ মাটির সড়ক ও প্রায় ৬০ ভাগ পাকা সড়কের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ তাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিন, সিদ্দিক আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




