সিলেটের জৈন্তাপুর উপজেলার মডেল থানা পুলিশ টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় অভিযান করে অপহরণ মামলার আসামীসহ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ মে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার পথে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল মিফতাউল উলুম মাদ্রাসার সম্মুখে রাস্তার গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এসময় সিলেট এসএমপি এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা খাঁসদবীর গ্রামের আফতাবুল হক উরফে বাবুল'র ছেলে সোহানুর রহমান সোহান (২২) অন্য বন্ধুদের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ করে প্রাইভেট গাড়ী যোগে নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (যাহার নং ৭/৩০)।
মামলা দায়ের পর তদন্তকারী কর্মকর্তা সহিদ মিয়া সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুতফর রহমান ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ'র সার্বিক দিক নির্দেশনায় টাঙ্গাইল জেলা পুলিশ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান করে টাঙ্গাইল সখিপুর থেকে অপহরণকারী সোহানুর রহমান সোহানসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে জৈন্তাপুরে মডেল থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান করে অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। ২৫ মে সকাল ১১টায় ভিকটিমকে তার মায়ের জিম্মায় এবং অপহরণকারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৩




