হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের দুই বোন রিমা আক্তার (১৮) ও রিফা আক্তার (১৬) গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি পরিবার। ফলে উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাদের পরিবারের সদস্যদের।
এ বিষয়ে গতকাল শুক্রবার চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ রিমা ও রিফা বরমপুর গ্রামের নুর মিয়া কন্যা। রিফা শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, গত ২৪ মে সন্ধ্যায় রিমা ও রিফা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর রাত পেরিয়ে দিন হলেও তাদের আর কোন সন্ধান মেলেনি। গত তিনদিন ধরে তাদের আত্মীয়স্বজনের বাড়িসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার। গতকাল শুক্রবার তাদের বাবা নুর মিয়া চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নুর মিয়া বলেন, আমার মেয়েদের তিন যাবত খুঁজে না পেয়ে আমরা উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। এখন আমাদের শেষ ভরসা পুলিশ। পুলিশ যদি আমাদের মেয়েদের খুঁজে বের করে দেয় তা হলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।
চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, দুই বোন নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
তিনি আরো বলেন, নিখোঁজদের ভাই বিভিন্ন বিষয় নিয়ে তাদের (বোনদের) শাসন করতো। হয়তোবা তারা অভিমান করে বাড়ি থেকে চলে গেছে। তবে তাদের উদ্ধারে পুলিশ সচেষ্ট রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/আরআই-কে




