সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের অনুরোধে কর্মবিরতি ভেঙে কাজে যোগ দিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
সোমবার (৩০ মে) সকালে কলেজ কর্তৃপক্ষ ও কর্মবিরতি পালন করা কর্মচারীদের সাথে ২ ঘন্টাব্যাপী পৃথক পৃথক বৈঠক করে বিবাদমান বিষয়টি সমঝোতায় নিয়ে আসেন আসাদ উদ্দিন আহমদ। পরে কর্মবিরতি পালন করা কর্মচারীদের কাজে ফেরার জন্য তিনি অনুরোধ করলে তাঁরাও কাজে যোগ দেন।
জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে ভুল বুঝাবুঝির কারণে গতকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সোমবার কলেজ ও হাসপাতালের অন্যান্য সংগঠনও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালনের প্রস্তুতি নেয়৷ বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জেনে সকালে সেখানে ছুটে যান আসাদ উদ্দিন আহমদ। সেখানে গিয়ে কলেজ কর্তৃপক্ষ ও কর্মবিরতি পালন করা কর্মচারীদের সাথে পৃথক বৈঠক করার পর বিষয়টি সমঝোতায় পৌঁছালে সকলকে কাজে যোগ দেয়ার অনুরোধ জানান তিনি। আসাদ উদ্দিনের মধ্যস্থতায় দীর্ঘক্ষণ আলোচনা শেষে সকলে কাজে যোগ দেন।
এ ব্যাপারে আসাদ উদ্দিন আহমদ বলেন- ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি যায়গা। সেখানে কর্মচারীরা কর্মবিরতি পালন করলে এর প্রভাব পুরো সিলেটবাসীর উপর পড়বে৷ তাই খবর পেয়ে সোমবার সকালে সেখানে যাই এবং তাদের সাথে বৈঠক করি। সকলের সাথে কথা বলে বিবাদমান বিষয়টির সমাধান করতে সক্ষম হই। এর প্রেক্ষিতে কর্মবিরতি ভেঙে কাজে যোগ দিয়েছেন কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, কলেজের অধ্যাপক ডা. কাজী জানে আলম, বিএমএ নেতা ডা. আজিজুর রহমান রোমান, ডা. সত্যব্রত ঘোষ অমিত, চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারিছ আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / ডিজেএস / ডি.আর




