সরকারি অনুদানের শতাধিক বই পেয়েছে আছিরগঞ্জ গণপাঠাগার। সোমবার (৩০ মে) সন্ধ্যায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন বইগুলো পাঠাগার কর্তৃপক্ষের হাতে তুলে দেন।


এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আছিরগঞ্জ গণপাঠাগারের সভাপতি কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব।



পাঠাগারের সদস্য ও বিয়ানীবাজারের দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওমর ফুরকানি আরিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আলীম উদ্দিন বাবলু, ইউপি সদস্য আব্দুল মুমিত, মিজানুর রহমান ও দিলবি বেগম, আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা ইমাম উদ্দিন, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু, সহ সাধারণ সম্পাদক ও দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক, কবি আবু সালেহ ইউসুফ, পাঠাগারের সদস্য ও ব্যবসায়ী লুৎফুর রহমান, নাসির মোহাম্মদ দারাসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।


সভায় প্রধান অতিথির বক্তব্যে আছিরগঞ্জ গণপাঠাগারের অন্যতম স্থায়ী সদস্য ও উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন পাঠাগারের ব্যাপারে তার সার্বিক সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেন।


পাঠাগারের পক্ষ থেকে বক্তারা সরকারের এলজিএসপি (২০২০-২১) প্রোগ্রামের আওতায় শতাধিক বই পাওয়ার ক্ষেত্রে বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পাঠাগারের স্থায়ী সদস্য মস্তাক আহমদের অবদানের কথা সবাই কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেনও এ ব্যাপারে কঠোর পরিশ্রম করেছেন। ভবিষ্যতেও পাঠাগারের কার্যক্রম পরিচালনায় তার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।


সিলেটভিউ২৪ডটকম/পিডি