নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের টিলা কেটে মাটি বিক্রি করছে অসাধু একটি চক্র। সোমবার (৩০) বিকেলে প্রশাসনের অভিযানকালে টিলা কাটায় জড়িতরা পালিয়ে গেলেও অবৈধভাবে মাটি পরিবহনে নিয়োজিত তাদের একটি ট্রাক জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এব্যাপারে ট্রাক মালিকের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

অভিযানে সহযোগিতা করেন থানার এসআই আতাউর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ প্রমুখ।


উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে সাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি টিলা কেটে নিজের মালিকানাধীন ট্রাক-ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন। সোমবার বিকেলে সফরপুর এলাকায় সওজ রাস্তার পাশের সরকারি টিলা কাটার সময় পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এসময় ট্রাক মালিক সাইরুল ইসলামসহ চালক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে অবৈধভাবে মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করে পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, টিলা কাটার অপরাধে ট্রাক মালিক সাইরুল ইসলামের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দ ট্রাকটিও নিলামে বিক্রির প্রক্রিয়া নেওয়া হচ্ছে।   

সিলেটভিউ২৪ডটকম/লাভলু