এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়, মাদরাসা, কারিগরি ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী নাম প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সিলেট অঞ্চল। এ ছাড়া সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তাদের নামও ঘোষিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সিলেট অঞ্চলের চূড়ান্ত ফলাফলের তথ্যে দেখা গেছে, এ বছর সিলেট বিভাগে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে মৌলভীবাজার সদরের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, মাদরাসা পর্যায়ে হবিগঞ্জ সদরের নূরে মোহাম্মদিয়া (দ.) সুন্নিয়া দাখিল মাদরাসা, কারিগরি পর্যায়ে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এবং কলেজ পর্যায়ে সিলেট সদরের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
বিভাগে বিদ্যালয় পর্যায়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শাহ আহমেদ জুবায়ের, মাদরাসায় হবিগঞ্জের বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার হাবিবুল বাশার মাহির, কারিগরিতে মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের রিপন আহমদ এবং কলেজ পর্যায়ে সিলেটের এমসি কলেজের আদৃতা তালুকদার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- বিদ্যালয় পর্যায়ে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের আবু নছর মোহাম্মদ সুফিয়ান, মাদরাসায় মৌলভীবাজারের বড়লেখার চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদরাসার ড. মোহা. হাফিজুর রহমান, কারিগরিতে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের মো. বরকত উল্লাহ এবং কলেজ পর্যায়ে এমসি কলেজের ড. মুহাম্মদ আলাউদ্দিন খান।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিদ্যালয় পর্যায়ে মৌলভীবাজারের বড়লেখার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের মো. এনাম উদ্দিন, মাদারাসাতে শ্রীমঙ্গলের সাতগাঁও সামদিয়া আলিম মাদরাসার মোল্লা শাহিদ আহমদ, কারিগরি পর্যায়ে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের মো. আলা উদ্দিন ও কলেজে এমসি কলেজের সালেহ আহমদ।
এদিকে, শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত অভিজিৎ কুমার পাল এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন মৌলভীবাজার জেলায় কর্মরত মোহাম্মদ ফজলুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/আরআই-কে




