হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার কারণে দিনভর হবিগঞ্জ থেকে ঢাকা-সিলেটসহ জেলার সকল গণপরিবহন বন্ধ রয়েছে।
হঠাৎ করে মঙ্গলবার সকাল থেকে জেলার সবধরণের গণপরিবহণ বন্ধ থাকায় দুর্ভোগে পরেছেন যাত্রীরা।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শুভ্র শঙ্ক রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সভায় উপস্থিত থাকায় শ্রমিক ইউনিয়নের কোন নেতার সাথে কথা বলা সম্ভব হয়নি।
শুভ্র শঙ্ক রায় জানান, মঙ্গলবার সকাল থেকে জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা চলছে। সভায় শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করায় সব ধরণের দূরপাল্লার গণপরিবহণ বন্ধ রয়েছে।
তবে সন্ধার পর পরিবহণ চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানান তিনি।
জেলা শহর থেকে সবধরণের গণপরিবহণ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পরেছেন যাত্রীরা। জরুরী কাজে বিকল্প পরিবহণ হিসেবে সিএনজি অটোরিকশা বা অন্য কোন মাধ্যমে গন্তব্যে পৌঁছতে গিয়ে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। পূর্ব ঘোষনা ছাড়া হুট করে গণপরিবহণ বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
নবীগঞ্জের ইমামবাড়ি এলাকার রিপন মিয়া বলেন, ‘আমি জরুরী কাজে শ্রীমঙ্গল যাব। বাস টার্মিনালে এসে দেখি কোন গাড়ি চলছে না। এখন কিভাবে যাব সেটা বুঝতে পারছি না।’
ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়েন আরিফুল চৌধুরী। তিনি তার বাবাকে নিয়ে ঢাকা যেতে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে এসছেন।
তিনি বলেন, ‘কাল সকাল থেকে আমার এক্সাম। আজ যেতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কোন পরিবহণ না চলার কারণে কিভাবে যাব বুঝতে পারছি না। অন্য কোন গাড়িও পাচ্ছি না।’
আব্দুল মোতালিব বলেন, ‘আমি মাধবপুর একটি কোম্পানীতে চাকরি করি। রাতে নাইট ডিউটি আছে। কিন্তু গাড়ি না চলায় যেতে পারছি না। দুই ঘন্টা ধরে গাড়ির জন্য বসে আছি। ঠিক সময় অফিসে যেতে না পারলে চাকরিটাও থাকবে না।’
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-২১




