মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তৃণমূল সাংবাদিকতায় ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননা’ পেয়েছেন আহমদ সিরাজ।

 


এ বিরল সম্মানে ভূষিত করায় কমলগঞ্জবাসী আজ অভিভূত হয়েছেন।

 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে জাকঁজমক অনুষ্টানে ৬৪ জেলার গুনী সাংবাদিক ও ১১জন অনুসন্ধানী সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা তুলে দেন বসুন্ধরা গ্রুপ। এ জেলায় একমাত্র প্রবীন সাংবাদিক হিসাবে আহমদ সিরাজকে সম্মাননায় ভূষিত করে ১ লাখ টাকার চেক, ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

 

জানা যায়, আহমদ সিরাজ ১৯৫৬ সালের ১ মার্চ জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর মা তমিলা খাতুন ও বাবা মৃত চান মিয়া চৌধুরী। ছোটবেলা থেকেই তাঁর প্রবল ঝোঁক ছিল বই পড়ায়। সেই থেকে নেশায় পায় লেখালেখি ও সাংবাদিকতা। কলেজে ভর্তি হয়েই তিনি ‘শুকতারা’ নামে দেয়াল পত্রিকা প্রকাশ করেন।

 

১৯৭৬ সালে সিলেটের মর্যাদাশীল যুগভেরী পত্রিকায় তাঁর প্রথম লেখা প্রকাশ হয়। এছাড়া সিলেট সমাচার, সিলেট কন্ঠসহ একাধিক পত্রিকায় লিখতে থাকেন তিনি। বিভিন্ন লিটল ম্যাগাজিনেও নিরন্তর লিখেছেন। জাতীয় দৈনিক সংবাদ-এর নিজস্ব সংবাদদাতা হিসেবে ৫ বছর কাজ করছেন। দৈনিক প্রথম আলো, কালের কন্ঠ, সমকাল, বাংলাবাজার পত্রিকায়ও ফিচার-নিবন্ধ ছাপা হয়েছে। শিক্ষকতায় কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ে গ্রন্থাগার হিসেবে যোগ দিয়ে ২০১৬ সালে অবসর নেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৩