সুনামগঞ্জ -২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, ২০০৮ সাল থেকে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে চলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা শত শত বাধা ও মৃত্যুভয় উপেক্ষা করে যেভাবে বাংলাদেশকে পরিচালনা করছেন তা শুধু এশিয়ার বুকেই নয়, গোটা পৃথিবীতেই অনন্য নজির স্থাপন করেছে।
আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে কোন অবস্থানে আছে তা বোঝানোর জন্য পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা মেট্রোরেলের মতো বৃহৎ বৃহৎ প্রকল্প নয়, জিডিপির দিকে তাকালেই বোঝা যাবে সত্যিই বাংলাদেশ কীভাবে দুর্বার গতিতে এগিয়ে চলছে। তারপরেও একদল লোক নির্লজ্জের মতো বলতেই থাকবে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের সকল সদস্য এবং হস্তান্তরিত দপ্তর প্রধানগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি মনে মনে চাচ্ছে বাংলাদেশ যেন চিরকাল গরিব-অসহায় হয়েই থাকে। এরা ছোট মনের মানুষ। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির দিকে না তাকিয়ে যারা শুধু কোন দেশ দেউলিয়া হলো, কোন দেশের সরকার ক্ষমতাচ্যুত হলো- এসব নেতিবাচক সংবাদ খুঁজে বেড়ায়, তারা প্রকৃতপক্ষেই দেশ ও জাতির শত্রু।
এসময় তিনি উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানদের নিকট আইনশৃঙ্খলা, সেবামূলক ও উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন এবং এলজিইডির ১৯০ কোটি টাকার চলমান উন্নয়ন কাজের গুণগত মান ঠিক রেখে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন ড. জয়া সেনগুপ্তা।
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম, দিরাই উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, পরিতোষ রায়, মোয়াজ্জেম হোসেন জুয়েল, শৈলেন্দ্র কুমার তালুকদার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা, খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-০১




