হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল খালিক (৫০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকার মাঠে গরু চড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলে বজ্রাঘাতে মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
অপরদিকে, নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে কলেজছাত্র বিপ্লব ঘোষ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানাপুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন বিপ্লব ঘোষের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বিপ্লব ঘোষ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের বিধু ভূষন ঘোষের ছেলে। তিনি নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ১ম বর্ষেও ছাত্র।
এ ব্যাপারে এস আই আবু সাঈদ জানান, নিজ বসতঘরে তীরের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় বিপ্লব ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / এসডি-০৫




