আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়ে খালেদা জিয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে। কেউ পদ্মা সেতুতে উঠবেন না উঠলে ভেঙ্গে পড়ে যাবে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আজ পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেছেন- ‘খালেদা জিয়া দেশের মূর্খ প্রধানমন্ত্রী ছিলেন। মূর্খ নেতৃত্বের কাছে দেশ ছিল ভয়াবহ পরিস্থিতির মধ্য। তারা চায় লাশ কিন্তু আওয়ামী লীগ তাদের ফাঁদে পা দেবে না।’


নানক আরো বলেন-খালেদা জিয়া ড. ইউনুসকে দিয়ে লবিষ্ট নিয়োগ করে বিশ্বব্যাংক থেকে অর্থ উঠিয়ে নিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা বলেছিন আমি পদ্মাসেতু করবই, সেই পদ্মা সেতু আজ বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন- জিয়াউর রহমান গণতন্ত্রকে ধ্বংস করে বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছিল, স্বাধীনতা বিরোধীদের কাছে দেশের পতাকা দিয়েছিল।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর পুর্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/জেসি/টিএস-৩৩