সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ গয়াছ মিয়া হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাসুক মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গয়াছ মিয়ার দাফনের মাত্র ৪ ঘন্টার মধ্যেই শুক্রবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার সময় সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে মাসুককে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান এবং পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মাসুক মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুক মিয়া উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত জমির আলীর পুত্র।
প্রধান অভিযুক্ত মাসুক মিয়াকে গ্রেপ্তারের সত্যাতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এখন ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করা হবে। মামলার অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে রাতে পীরেরবাজার থেকে বরুনী গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে মাসুক মিয়ার বাড়ির সামনে হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা শেখ গয়াছ মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয় লোকজন ও তার আত্মীয় স্বজনরা। দীর্ঘ প্রায় ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার (৩ জুন) সকালে তিনি মারা যান। হামলার ঘটনায় বৃহস্পতিবার (২ জুন) নিহতের পুত্র মাজেদ আহমদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাসুক মিয়াকে প্রধান অভিযুক্ত করে ২০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




