আবাসিক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি।

 


গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে আবাসিক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, রাষ্ট্রীয় সংস্থা হিসেবে খনিজ সম্পদ কর্পোরেশনের পেট্রোবাংলায় যে নুন্যতম স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই, দাম বৃদ্ধির ঘোষণা তা আবার প্রমাণিত হলো। অত্র সংগঠন সহ বিভিন্ন দেশপ্রেমিক সংগঠন, ব্যবসায়ী, সচেতন, নাগরিকবৃন্দ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গণশুনানীতে অংশগ্রহণকারী জনদরদী ব্যক্তিবর্গ ক্যাব ও জ্বালানী বিশেষজ্ঞদের তীব্র আপত্তি করে আবাসিক গ্যাসের দাম বৃদ্ধি না করার জন্য জোরালো যুক্তি ও দাবী জানিয়ে ছিলেন। চোরেই না শোনে, ধর্মের কাহিনী।

 

চাউল সহ দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বৃহত্তর সিলেটে ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ ও চট্টগ্রামের ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে ৪৯ জন নিহত, শত শত মানুষ আহত, হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতিতে সমগ্র দেশ যখন স্তম্ভিত, ঠিক সেই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণায় লক্ষ লক্ষ নির্দোষ, সরল ও অসংগঠিত গ্যাস গ্রাহকদের মনে মাঝে দাউদাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। এমনিতে গ্যাসখাত লাভজনক। সরকার এই খাত থেকে বছরে কোটি কোটি টাকা পাচ্ছে। এই মূল্যবৃদ্ধির ঘোষণায় সর্বক্ষেত্রে এক অরাজকতা সৃষ্টি হতে পারে।

 

স্বল্প আয়ের সহ সাধারণ জনগণের অবস্থা এখন চরম দুর্বিষহ। কথায় বলে মড়ার উপর খাঁড়ার ঘা। সেবা পণ্যের দাম বাড়িয়ে সরকার যে রাজস্ব আয় করবে, সিস্টেম লস, দুর্নীতি ও অপচয় বন্ধ করতে পারলে তার চেয়ে বেশি সরকারের আয় বাড়বে। মোটকথা অবিলম্বে গ্যাসের বর্ধিত দাম স্থগিত করে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি অটুট রাখার জোর আহবান জানান নেতৃবৃন্দ। অন্যথায় গ্যাস গ্রাহকদের নিয়ে রাজপথে তীব্র প্রতিবাদ জানানো হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/টিএস-৫১