সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
 
সোমবার (৬ জুন) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়াইনঘাটের সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার গুরকচি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষিবীজ বিতরণ করা হয়।

হাওরে পানি স্বল্প এলাকায় রবী মৌসুমে ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে পানি সংরক্ষণের সম্ভাব্যতা বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন  শীর্ষক আলোচনা শেষে কৃষিবীজ বিতরণ করা হয়৷


কৃষিবীজ বিতরণ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি এ সময় কৃষকদের উদ্দেশ্যে কৃষি বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা হোসাইন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশীদসহ কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা।

গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এসময় উপজেলার ৪০ জন কৃষকের মাঝ কৃষি বীজ বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে