হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মাধবপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।
সভাপতির বক্তব্যে তিনি জানান, সোনার বাংলা যেমন আমাদের সোনালি অতীতকে স্মরণ করিয়ে দেয়, তেমনি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ আমাদের সোনালি ভবিষ্যতের সম্ভাবনাও জাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে আমাদের জীবন, সমাজ ও দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে শক্তি যোগাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হলো- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।
কর্মশালায় মাধবপুর উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ ১০০ জন অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০১




