মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের জঘন্যতম কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জে এক বিক্ষোভ সমাবেশ করেছে যুব জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা।


বৃহস্পতিবার (৯ জুন) বাদ যুহর ভারতে বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।



বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা সভাপতি, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট বলেন, বিশ্ব নবী ও তার পরিবারকে সর্বোত্তম চরিত্রের সনদ প্রাদন করে মহান আল্লাহ পবিত্র কুরআন শরীফে আয়াত নাজিল করেছেন। যে নবী সমস্ত জিন ইনসানের জন্য উত্তম আদর্শের নমুনা, সেই নবীর চরিত্রে যারা দোষ তালাশ করে তারা পিতৃপরিচয়হীন। বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য বিশ্ব মুসলিম উম্মাহ’র কলিজায় মারাত্মক ভাবে আঘাত হেনেছে। কোটি কোটি নবীপ্রেমিকের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে। এই অবস্থায় কোন ঈমানদার চুপ করে ঘরে বসে থাকতে পারে না। ইতিমধ্যেই মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি নেতাদের ইসলামের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য বিশ্বব্যাপী ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়েছে। এ জঘন্য অপরাধের জন্য শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয়। তাদের বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ভারতকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে।


শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সৌদি আরব জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আলী নূর। জমিয়তের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।


উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ আবু সাইদ এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ নোমান, উপজেলা সভাপতি মাওলানা সালিক আহমদ, সেক্রেটারি জনাব সজীব আহমদ, ছাত্র জমিয়তের সেক্রেটারি শায়খুল ইসলাম প্রমূখ।


প্রধান বক্তার বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেন ভারতের মুসলমানদের উপর ক্ষমতাশীন বিজেপি সরকারের জুলুম নিপীড়নের সীমা ছাড়িয়ে গেছে। এবার প্রাণের নবী মুহাম্মাদ স.কে নিয়ে কটুক্তি করে বিশ্ব মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলমানদের ধর্য্য ও নীরবতাকে দুর্বলতা মনে না করে সাবধান হওয়ার জন্য সতর্ক করে তিনি বলেন, বীরের জাতি মুসলমানরা আবার গর্জে উঠলে ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে।


মাওলানা শায়খ আফসার উদ্দিন বলেন ধর্ম নিরপেক্ষতার দাবিদার ভারত সরকার সেদেশকে মুসলিম শুন্য করার ষড়যন্ত্র করছে। সময় এসেছে মুসলিমবিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। ইসলাম বিদ্বেষী মনোভাব প্রত্যাহার করে সেদেশের মুসলমানদের উপর নির্বিচারে জুলুম নিপীড়ন বন্ধ করা না হলে মুসলিম বিশ্ব ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে।


প্রবাসী জমিয়তনেতা মাওলানা আলী নূর বলেন, ইতিমধ্যেই জাতি সংঘ, ওআইসিসহ আরব বিশ্বে ভারতের বিরুদ্ধে নিন্দাও প্রতিবাদের ঝড় উঠেছে। ডাক উঠেছে ভারতীয় পণ্য বর্জনের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখনও পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাশীনরা রাষ্ট্রীয় ভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানাতে সাহস পায়নি।

সিলেটভিউ২৪ডটকম/ সবি / ইআ