টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষার কক্ষে চাপাতি (চাকু জাতীয়) নিয়ে প্রবেশ করে অষ্টম শ্রেণির এক ছাত্র। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়।
রোববার সকালে উপজেলা সদরের সরকারি সদয় কৃষ্ণ (এসকে) পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সে উপজেলা সদরের বাইমহাটি প্রফেসরপাড়া গ্রামের এমদাদ আলীর ছেলে।
জানা গেছে, ওই বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ছিল এদিন। বিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে অষ্টম শ্রেণির ওই ছাত্র প্যান্টের পকেটে চাপাতি নিয়ে প্রবেশ করে। এ সময় পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হলে তিনি পকেট থেকে চাপাতিটি বের করেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে অবহিত করেন।
প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে অবহিত করেন। ইউএনওর নির্দেশে প্রধান শিক্ষক অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৭
সূত্র : যুগান্তর




