বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে অন্যতম সংগঠক পংকি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
রবিবার (১২ জুন) বিবৃতিতে তিনি মরহুম পংকি খানের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি পংকি খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যৌথ বিবৃতিতে শোক জানানো হয়।
উল্লেখ্য, শনিবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান (৭৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পংকি খান ছিলেন ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি, বিশ্বনাথ সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




