স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন। এ দিন সরকারিভাবে সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।


এই আয়োজনকে সামনে রেখে রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মন্ত্রীসভার নির্দেশনা অনুসারে আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।


সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান। আলোচনায় অংশ নেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মহানগর পুলিশের উপ কমিশনার মো. আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাস গুপ্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোমিন চৌধুরী, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক শাহিনা আক্তার, যুগান্তরের নিজস্ব প্রতিবেদক আব্দুর রশিদ রেনু প্রমুখ।

সভায় মন্ত্রী পরিষদের নির্দেশনা অনুসারে প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। তবে সিদ্ধান্ত হয় যে, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০২