ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার পথপ্রদর্শক, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এবং হযরত আয়েশা সিদ্দিকা (রা.)কে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির ঘটনায় সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানাবেন ব্যবসায়ীরা।

১৫ জুন বুধবার সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই প্রতিবাদে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী  ঐক্য কল্যান পরিষদের নেতারা।


সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদে অংশ নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

নেতৃবৃন্দ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্র আপত্তিকর বক্তব্য রেখে সারা দুনিয়ার মুসলমানদের অন্তরে আগুন জ্বেলে দিয়েছেন। এই অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের ব্যবসায়ীরা ১৫ জুন বুধবার সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত ৭ ঘন্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানাবেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০৩