সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে কটাক্ষ ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মার পক্ষ নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গোয়াইনঘাটে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার জাফলং চা বাগান এলাকা থেকে শ্রাবন সাঁওতাল রাজ নামের ওই যুবককে আটক করা হয়।
সে ওই চা বাগানের রাঙা সাঁওতালের ছেলে। শ্রাবণ জাফলং চা বাগানে একটি ফার্মেসি ব্যবসা পরিচালনা করতেন।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, শ্রাবন সাঁওতালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। থানার এসআই এমরুল কবীর বাদি হয়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জানা গেছে, রবিবার রাতে শ্রাবনের তার ফেসবুক আইডিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র নেত্রী নুপুর শর্মার পক্ষাবলম্বন করে একটি মন্তব্য করেন। যেখানে তিনি মহানবীকে হযরত মোহাম্মদ (সা.) ও হযরত খাদিজা (রা.)কে নিয়ে নুপুর শর্মা যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন সেটি যথার্থ বলে দাবি করেন। এছাড়াও তিনি উস্কানিমূলক কিছু শব্দ প্রয়োগ করেন।
শ্রাবনের এই পোস্টের পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০৪




