টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারণে সুনামগঞ্জে ফুঁসতে শুরু করেছে সুরমা। রবিবার থেকে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে । পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জে টানা বর্ষন এবং উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষন হওয়ায় সুরমা নদীর পানি বেড়েই চলছে।


সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অনেকস্থানে তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করার খবর পাওয়া গেছে। এছাড়া জেলার নিম্নাঞ্চলে পানি ঢোকা শুরু হয়েছে। এতে নদী তীরের বাসিন্দারা ফের বন্যার আশঙ্কা করছেন।

সোমবার সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া সড়কে পানি উঠার খবর পাওয়া গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, কয়েকদিন ধরে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০৫