ছবি: শাহীন আহমদ।
সিলেটের একটি পৌরসভা, একটি উপজেলা পরিষদ এবং দুটি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটের লড়াইয়ে বাগড়া দিচ্ছে বৃষ্টি। ফলে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে।
আজ সিলেটের বিয়ানীবাজার পৌরসভা, গোলাপগঞ্জে উপজেলা পরিষদ এবং জকিগঞ্জের সুলতানপুর ও কাজলসার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
এগুলো ছাড়াও সিলেটের জৈন্তাপুরের একটি ইউনিয়নের ১টি ওয়ার্ডে এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ও উত্তর ইউনিয়নে আজ ভোটগ্রহণ চলছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আজ শুরু হয়েছে আষাঢ় মাস। ফলে বৃষ্টির প্রবণতাও যেন বেড়ে গেছে।
আজ বুধবার সকাল থেকেই থেমে থেমে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ফলে ভোটকেন্দ্রগুলোতে যেতে ভোগান্তির মুখে পড়ছেন ভোটাররা। বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। তবে কেউ কেউ ছাতা মাথায় ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোট দিচ্ছেন।
ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে এখন অবধি কোনো প্রার্থী কোনো অভিযোগ তুলেন নি।
বেলা বাড়ার সাথে বৃষ্টি কমে এলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সকাল পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা অবধি বিয়ানীবাজারে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছিল।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




