বিয়ানীবাজার পৌরসভার একটি কেন্দ্রে ইভিএমে ভোট দিচ্ছেন এক নারী ভোটার।

সিলেটের চারটি উপজেলায় চলছে নির্বাচন। কোথাও চলছে উপজেলা পরিষদ, কোথাও পৌরসভা নির্বাচন। আবার কোন কোন উপজেলায় চলছে স্থগিত হওয়া ইউপি নির্বাচন। বিয়ানীবাজার ছাড়া বাকি সকল উপজেলায় সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিছাড়া চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর বিয়ানীবাজারে ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় শুরু হয়েছে সকাল ৯টায়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 



এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে, বিয়ানীবাজার পৌরসভায়, জকিগঞ্জের সুলতানপুর ও কাজলসার এবং জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে।

 


ইউনিয়ন পরিষদগুলোতে এর আগে অনুষ্ঠিত নির্বাচনে বিশৃঙ্খলার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। আর গোলাপগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদের মৃত্যুতে পদটি শূণ্য হয়।


এদিকে, প্রায় একমাস ধরে এসব নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণায় উত্তাপ ছড়ালেও ভোটের দিন তাতে বাগড়া বসিয়েছে বৃষ্টি। সকাল থেকে টানা বৃষ্টির কারনে ভোটারদের মধ্যকার উৎসাহ-উদ্দিপনায় ভাটা পড়ে।


বিয়ানীবাজার পৌরসভা, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ ও জকিগঞ্জের দুটি ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে।


তবে প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের কর্মী-সমর্থকরা রিকশা ও ইজিবাইক (টমটম) নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কেন্দ্রে আনতে।


কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কড়া নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে কেন্দ্রজুড়ে। সকাল পৌণে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০২