টানাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ফেঞ্চুগঞ্জের নিম্নাঞ্চলের কয়েকটি এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

 


ফেঞ্চুগঞ্জ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হান্নান জানিয়েছেন, উপজেলার সাইল কান্দি, ভেলকোনা পূর্বপাড়া ও সুড়িকান্দি, গয়াসী গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কে পানি প্রবেশ করে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ ৩টি গ্রামের বাড়ী ঘর পানিতে জলমগ্ন হয়ে পাড়ায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলে এসব এলাকার বাড়ী ঘরে যে কোন সময়ে পানি ঢুকে পড়তে পারে।

 

অন্যদিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডন্ডি, উত্তর পাড়া এলাকার কয়েকটি বাড়ী ঘরের আঙ্গিনা এবং চারপাশে পানি প্রবেশ করায় এসব এলাকার মানুষ পানি বন্দী হয়ে আছেন। মাইজগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রাম বারহাল, মইনপুর এলাকার কয়েকটি বাড়ী ঘরে পানি ঢুকে পড়ায় এসব এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

 

ফেঞ্চুগঞ্জ বাজারের একমাত্র রাস্তায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। রাস্তার পাশের দোকানপাটে যে কোন মুহুর্তে পানি ঢুকে পড়তে পারে। ফেঞ্চুগঞ্জ বাজারের আবাসিক এলাকা ইন্তাজ আলী মার্কেট, নাথ কলোণীসহ কিছু কিছু এলাকার বাসা বাড়ীর উঠানে পানি উঠে পড়েছে। বৃষ্টিপাত চলতে থাকলে যেকোন মুহুর্তে বাসাবাড়ীতে পানি ঢুকে পড়ার আশংকা দেখা দিয়েছে।

 

ফেঞ্চুগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস উদ্দীন মোল্লা জানিয়েছেন, ১৭ জুন বেলা ৩টায় রেকর্ড বলছে, কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্ট দিয়ে বৃদ্ধি পেয়ে ১০.০০ মিটারে অবস্থান করছে যা বিপদসীমার কম বলে নিশ্চিত করেছেন তিনি।

 

তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের এই মৌসুমে নির্ধারিত ফেঞ্চুগঞ্জের বিপদসীমা হচ্ছে ৯.৪৫মিটার।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন জানান, পরিস্থিতি মোকাবেলায় ফেঞ্চুগঞ্জে সকল ইউনিয়নের আশ্রয় কেন্দ্র প্রস্তুুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমান খাদ্য সামগ্রী মজুত রাখা হয়েছে। কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে।

অন্যদিকে মানবিক বিপর্যয় মোকাবিলা করতে এগিয়ে এসেছেন ফেঞ্চুগঞ্জের পর্যটন এলাকা জিরো পয়েন্টের নৌ ব্যবসায়ীরা।

 

কমিটির পক্ষ থেকে মুহিব উদ্দিন বাদল, মুজিব চৌধুরী ও রাজু আহমেদ রাজন ঘোষণা দিয়েছেন, ফেঞ্চুগঞ্জ ও আশপাশ এলাকায় বন্যা আক্রান্ত হয়ে উদ্ধারকাজ সাহায্য করতে তাদের নৌ-যানগুলো প্রস্তুত রেখেছেন যে কেউ আপদকালীন সময়ে সাহায্য চাইলে নৌকা পাঠানো হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-২১