সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গতদের উদ্ধারে ৫টি রেসকিউ বোট এবং একাধিক ডুবুরি দল নিয়ে রওনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৮ জুন) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর থেকে সিলেটভিউকে এমন জানানো হয়েছে।

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেছে। বেড়েই চলছে নদীর পানি। সেই সাথে নতুন নতুন এলাকা আক্রান্ত হচ্ছে। পুরো জেলাজুড়ে চলছে হাহাকার। বন্যা আক্রান্ত বেশিরভাগ উপজেলায় পা রাখার মতো শুকনো মাটি নেই। আক্রান্ত এলাকায় পানিবন্দি লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনতে উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনী। শনিবার (১৮ জুন) থেকে উদ্ধার কাজে নৌবাহিনীও যুক্ত হয়েছে বলে জানা গেছে।


এছাড়া ভয়াবহ বন্যায় উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কেন্দ্রীয়ভাবে ঢাকায় খোলা হয়েছে মনিটরিং সেল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিলেটের সব ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে স্ট্যান্ডবাই ডিউটিতে রাখা হয়েছে। আর তাদের সহযোগিতা করতেই ৫টি রেসকিউ বোট এবং একাধিক ডুবুরিদল নিয়ে রওনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস-০৭