জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) এর উদ্যোগে সুনামগঞ্জ ও ছাতকের দুর্গম এলাকার বন্যাদুর্গত মানুষের মধ্যে বিতরণের জন্য ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করা হয়। মোট ১০ প্রকারের শুকনো খাবার ও রসদ সামগ্রী নিয়ে প্রতিটি ত্রাণ প্যাকেট তৈরি করা হয়।
সোমবার (১৯ জুন) সকাল ৮টায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যান্টিনে খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যে কোনো মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে জেসিপিএসসি পরিবার অতীতে যেভাবে দায়িত্ব পালন করে এসেছে, এবারও একইভাবে আমরা বন্যাকবলিত মানুষের পাশে থেকে দায়িত্ব পালনে সচেষ্ট। বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেই এই খাদ্যসামগ্রী প্রদান বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, জেসিপিএসসি'র পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশে সুনামগঞ্জ ও ছাতকের বন্যাদুর্গত দুর্গম এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ বীর (বাংলাদেশ ইনফেন্ট্রী রেজিমেন্ট) এবং ৬১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইউনিট এর মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষসহ ত্রাণ কমিটির জন্য নির্বাচিত শিক্ষকমন্ডলী ও স্টাফগণ উপস্থিত ছিলেন।
জেসিপিএসসি’র উপাধ্যক্ষ মো. আবদুল হান্নান’র তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের শিক্ষক-স্টাফরা সম্মিলিতভাবে (১৯ জুন) রাত থেকে খাদ্যসামগ্রী প্যাকেটজাত করার কাজে নিয়োজিত ছিলেন। এই ত্রাণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র প্রভাষক বিপ্লব কুমার সরকার।
সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ




