সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। বন্যা দুর্গত বানভাসি মানুষের চলাচলের জন্য দু’টি বোট এবং ৩ হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে আছে তেল, লবণ, চিনি, চিড়া ও মোমবাতি।
মঙ্গলবার দুপুরে দু’টি টাক ভর্তি খাদ্য সামগ্রী সিলেট সেনানিবাসের উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দেয়।
এ সময় অয়ন ওসমান গণমাধ্যমকে বলেন, মানুষের পাঁশে দাঁড়ানোর উত্তম সময় এটি। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য যা যা করা দরকার তা করার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে দু’টি বোট এবং ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা দিয়েছি। আপনারা যারা বিত্তবান আছেন সবাই মিলে সিলেটের পাশে থাকুন।
তিনি আরও বলেন, মানুষকে সেবার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বলেছেন, ‘তোমরা আমাকে খুশি করতে চাইলে আমার বান্দাকে খুশি কর।’ সিলেটের সমস্যা আমরা সবাই দেখতে পাচ্ছি। আসুন সবাই সিলেটবাসীর জন্য মানবিক সহায়তার হাত বাড়াই।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৩
সূত্র : বিডি-প্রতিদিন




