সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ইতিমধ্যে বন্যা আক্রান্ত হয়ে পড়েছেন উপজেলার ৫টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। চারদিকে পানি থাকায় কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন অনেক মানুষ। অনেক জায়গায় ত্রান সাহায্যের অপ্রতুলতার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বিপাকে পড়েছেন উপজেলার মল্লিকপুর মাঝপাড়ার বাসিন্দারা। এখানে বাড়িঘরে পানি ঢুকে মানবেতর জীবনযাপন করছে প্রায় ৩০টি পরিবার।
বন্যা আক্রান্ত বাসিন্দা আমিল আলী, জমির আলীরা অভিযোগ করে বলেন, গত শনিবার থেকে আমরা পানি বন্দি। ঘরের ভিতরে পানি আছে কয়েক দিন থেকে কিন্তু আজ পর্যন্ত সরকারি বে-সরকারি কোন ব্যক্তি প্রতিষ্ঠানের কোন ধরনের সাহায্য আমরা পাইনি। এমন কি কেউ খোঁজও নেন নি!
এ ব্যাপারে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দীনের সাথে দেখা করা হলে তিনি বলেন, আমার ইউনিয়নে বরাদ্দ পেয়েছি মাত্র ৩টন চাল। এজন্য সব জায়গায় দিতে পারিনি।আমি মাঝপাড়া এলাকা দেখে এসেছি কোন ব্যবস্থা করে দিব।
সিলেটভিউ২৪ডটকম/ফউ/ইআ




