সিলেটে ফের ছোবল দিয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। এবার কেড়ে নিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের প্রাণ। গত সোমবার তিনি মারা যান। মারা যাওয়ার পর জানতে পারা যায়- ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস ছিলো। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সিলেটে দুই মাস চার দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো। এর আগে সর্বশেষ সিলেটে ১৮ এপ্রিল করোনা সংক্রমণে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল।  


জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান শামসুর রহমান (ময়না) করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।  

পরে করোনাকালীন নিয়ম মেনে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম