বন্যা কবলিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির খবর পাওয়া যায়নি। উপজেলার প্রায় সর্বত্রই বন্যা কবলিত। ভুক্তভোগী মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্র ও গ্রামাঞ্চলে সাহায্য করে যাচ্ছেন নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শুক্রবার (২৪ জুন) ফেঞ্চুগঞ্জ ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবার। আশ্রয়কেন্দ্রের প্রায় তিনশত মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর বড় ভাই সাহিদ উস সামাদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান ছুটু, প্রবাসী ইকবাল হোসেন, সাংবাদিক জুলহাস আহমদ, সমাজকর্মী ইমরান আহমদ প্রমুখ।
মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবার সুত্রে জানা যায়, এই আশ্রয়কেন্দ্রে আরো কয়েকদিন রান্না করা খাবার সরবরাহ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




