বিপর্যস্ত সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি বানভাসিদের। খাবার ও সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহযোগিতায় কার্যক্রম অব্যাহত রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপির সহধর্মিনী সেলিনা মোমেন।
বৃষ্টিবাদল উপেক্ষা করে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন।
শনিবার (২৫ জুন) দিনভর সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ইউনিয়ন এবং মোগলগাঁও ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দেন তিনি।
ত্রাণ বিতরণকালে সেলিনা মোমেন বলেন, এ সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যত দিন বন্যা থাকবে, তত দিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যাকবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন, সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বন্যাদুর্গতদের পাশে আছে ও থাকবে।
খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, বিস্কুট, মুড়ি, স্যালাইন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দুঃসময়ে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ পেয়ে খুশি দুর্গতরা।
ত্রাণ বিতরণে তার সাথে অংশ নেন সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া সহ সদর উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গেল মাসের বন্যার সময় একইভাবে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেলিনা মোমেন। খাদ্য সহায়তা নিয়ে নৌকায় করে তিনি ছুটেছেন পানিবন্দি মানুষের কাছে। এর আগে করোনা দুর্যোগের সময়ও ঝুঁকি নিয়ে সেলিনা মোমেন ছুটে আসেন সিলেট। লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তিনি সিলেট নগরীর ও সদর উপজেলার নিম্ন আয়ের লোকজনের কাছে পৌঁছে দেন খাদ্য উপহার।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-৪৮




