সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যার্তদের মাঝে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। 

ইতোমধ্যে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার, চার হাজার পেকেট রেশন খাবার, পঞ্চাশ হাজার ওরস্যালাইন, শিশু খাদ্য, ৫ লক্ষ লিটার বিশুদ্ধ খাবার পানি, খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি আটকে পড়া পানিবন্দীদের উদ্ধারের জন্য বিআইডব্লিটিএ'র তিনটি জাহাজ, একটি পানির ওয়াটারবাজ ও চারটি  স্পীডবোট কাজ করছে। 


সুনামগঞ্জের জগন্নাথপুর, মঈনপুর, ষোলঘর, হালুয়াঘাট, তাহিরপুর, টাঙ্গায়ার হাওর, তাহিরপুর, মধ্যনগর, দোয়ারা, ধলুরা, লঞ্চ টার্মিনালয় এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও বানভাসি মানুষদের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এর হাতে এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসক (সার্বিক) এর উপস্থিতিতে এক হাজার ৫শ প্যাকেট ত্রাণ সামগ্রী দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। যেগুলো আমবাড়ী সদর বাজার,  টেকনিক্যাল কলেজ, নদীর পারে আশ্রয়ণ কেন্দ্রে ও আমবাড়ি পৌর কলেজ পয়েন্টে বিতরণ করা হয়।  

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর, তেলিখাল,  পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন ও উত্তর রনিখাই ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৫ হাজার প্যাকেট ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি এবং  সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ত্রাণ কমিটির প্রতিনিধি দলকে বানভাসি মানুষদের সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র ত্রাণ কমিটির  সদস্য ও  সিবিএ সহসভাপতি মো. আকতার হোসেন, মো. মোফাজ্জল হোসেনসহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের জন্য নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আব্দুস সালামকে আহবায়ক, উপ পরিচালক মো. জসিম উদ্দিন, বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. রেজাউল করিম, সহকারী পরিচালক সুব্রত রায় ও বিআইডব্লিটিএ সিবিএ'র সহ-সভাপতি মো. আকতার হোসেনের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর