হবিগঞ্জ জেলা বন্যায় কবলিত হওয়ায় সড়কগুলো বড় ধরনের ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম। যদিও এখনও অনেক রাস্তা বন্যার পানির নিচে রয়েছে। ফলে দিন দিন ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় তাদের রাস্তা রয়েছে ৩শ ৩০ কিলোমিটার। এর মাঝে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে ২৯ কিলোমিটার। ক্ষতির পরিমাণ ১শ ৪০ কোটি টাকা। এর মাঝে হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে সবছেয়ে বেশী ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এছাড়াও বাল্লা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কে ৩০ কোটি টাকা, লাখাই-বামৈ সড়কে ৩০ কোটি টাকা এবং বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যায় কোন ব্রীজের ক্ষতি না হলেও ব্রীজের এ্যাপ্রোচ অনেক স্থানে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এলজিইডি সূত্রে জানা যায়, জেলায় তাদের মোট রাস্তা রয়েছে ১হাজার ৮৩৫ কিলোমিটার। এর মাঝে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৩৭৩ কিলোমিটার। ক্ষতির পরিমাণ ৫৯ কোটি ৫২ লক্ষ টাকা। এছাড়াও জেলায় এলজিইডির সড়ক ব্রীজ রয়েছে ২৪ হাজার ৭০.৭৯ মিটার। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৩০২মিটার। ক্ষতির পরিমাণ ১০ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা। জেলায় সবছেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলায়।
হবিগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এবারের বন্যার পানিতে স্রোত ছিল বেশী এবং পানির স্থায়িত্বও ছিল বেশী। ফলে রাস্তাঘাটের ক্ষতির পরিমাণ বেশী। জরুরী ভিত্তিতে তা মেরামত না করতে পারলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৯




