(প্রতীকী ছবি)
সিলেটের জৈন্তাপুরে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের উৎলারপাড় সড়ক থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আব্দুল হক কালা মিয়া (৪০)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউর কাপন গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আব্দুল হক জৈন্তাপুরের চিকনাগুল ঠাকুরের মাটি এলাকার লন্ডন প্রবাসী আবন মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হক বিভিন্ন সময় গরু ট্রাকে তুলে দেওয়া ও গরুর ঘাস কেটে দেওয়ার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার মরদেহ উৎলারপাড় সড়কের পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ রঞ্জন চক্রবর্তী জানান, নিহতের পরনে লুঙ্গি ছিল। তার সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়। তবে নিহতের দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




