রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক নুরে আলম মিনা। তিনি ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় কর্মরত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নুরে আলম মিনা ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের জুলাই অবধি সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার নুরে আলম মিনা ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে বিএসএস (সম্মান) ও এমএসএস সমাপ্ত করে ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা ও রাজশাহী থেকে প্রশিক্ষণ শেষে ২০০২ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলাইছড়ি, রাঙ্গামাটি ও মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেল পদে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে রেলওয়ে জেলা চট্টগ্রাম, নোয়াখালী জেলা ও ডিএমপি এডিসি (রমনা বিভাগ), কক্সবাজার এবং চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন।
২০১২ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৩ সালের ২৭ এপ্রিল পর্যন্ত তিনি সুনামগঞ্জ জেলায় এবং ২০১৬ সালের ১৯ জুলাই পর্যন্ত সিলেট জেলার পুলিশ সুপার পদে ছিলেন। এরপর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয় ঢাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্বরত আছেন।
নুরে আলম মিনা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর, সুদান মিশনে দায়িত্ব পালনকালে জাতিসংঘ শান্তিরক্ষা পদকপ্রাপ্ত হন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘বেস্ট-ইন-একাডেমিক্স’ পদকে ভূষিত হন। বাংলাদেশ পুলিশে তার অসাধারণ দায়িত্ব পালনের জন্য ২০১৩ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)-সেবা, ২০১৪ সালে ‘আইজিপি ব্যাজ’ এবং ২০১৮ সালে জঙ্গি দমনের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সাহসিকতা’ লাভ করেন। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ গ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




