সিলেটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের কিলঘুষিতে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া (৫৫) নূরপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, পূর্ব বিরোধ নিয়ে একই গ্রামের রুবেল মিয়ার সাথে প্রথমে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। একপর্যায়ে রুবেল মিয়া ও তার পক্ষের কয়েকজন মিলে সেলিম মিয়াকে কিলঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান সেলিম মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, সেলিম মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/শাদিআচৌ-০১




