সিলেট গোয়াইনঘাটের ক্ষতিগ্রস্ত রুস্তমপুর ও ফতেপুরে বন্যাদুর্গত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (ইএনডব্লিউএফ)।
রবিবার (৩ জুলাই) দুপুর ১২টায় রুস্তমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পুরুষ ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যদের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় স্থানীয় প্রশাসনের সহায়তায় ৬ শতাধিক বন্যার্ত প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি মুসুরি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন, ৩১২ গ্রাম বক্স ডানো গুড়া দুধ, ২০ টা ওরাল স্যালাইন, ৫০টা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১ টা সেভলন সাবান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যাদূর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষগুলোর জীবন। ঘরে পানি, বাহিরে পানি, আয় রোজগার বন্ধ, ঘরে খাবার নাই, শিশু সন্তান, ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সাহায্যের আশায় বিত্তশালীদের দিকে অসহায় তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছে তারা। পাশাপাশি বন্যার পানি এখনও না নামায় তাদের জীবনে নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে।
বিপর্যস্ত এই স্বল্প আয়ের দৈন্যপ্রবন মানুষগুলোর জন্য কিছুটা স্বস্তি দিতে খাদ্য সামগ্রী প্রদান করায় এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে বক্তারা।
আয়োজকরা এই ধরনের জনহিতকর কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. দলিলুর রহমান, মহাসচিব ডা. মতিয়ার হোসেন, ট্রেজারার আসিফুর রহমান, নির্বাহী সদস্য আখলাক আহমেদ রিয়াদ, রুস্তমপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন সিহাব, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, বিট অফিসার অনুশ কুমার দাস, স্থানীয় সমাজসেবক মারুফ হাসান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭




