পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বন্যার্ত ২ শতাধিক পরিবারের মধ্যে মনু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনু মিয়ার পরিবারের অর্থায়নে সোমবার (৪ জুলাই) সকালে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ তাদের নিজ বাড়িতে ওই নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার সকল দূর্যোগের সময় মানুষের পাশে থাকে। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ বন্যার্তদের পাশে আছেন। তাই ওই দূর্যোগের সময় কাউকে ত্রাণের জন্য কষ্ট করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। পর্যায়ক্রমে সবার কাছে ত্রাণ পৌঁছে যাবে। আর বন্যায় ক্ষতিগ্রস্থদেরকেও পুনর্বাসন সরকার করবে।
তিনি আরো বলেন, সরকারের পাশিপাশি বন্যার্তদের পাশে মসু মিয়া স্মৃতি সংসদের মতো সবাইকে দাঁড়াতে হবে মানবিকতার টানে।
মনু মিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তপন কুমার দাশের সভাপতিত্বে ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক আব্দুল আজিজ সুমন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বসারত আলী বাছা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সদস্য সুন্দর আলী রুহুল।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য মাসুক মিয়া, আব্দুল হালিম মাসুম, স্মৃতি সংসদের সদস্য শাহিন আহমদ, নুরুল আমিন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩১




