কোম্পানীগঞ্জে ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ এক ছিনতাইকারীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ যুবকের কাছ থেকে ধারালো একটি ক্ষুর, ৩৩ পিস ইয়াবা ও ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক যুবক কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের হারুন চৌধুরীর পুত্র আকাশ চৌধুরী।
জানা যায়, ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় ইসলাম স্টোন ক্রাশার মিল থেকে ট্রাকে পাথর লোড করছিলেন চালক নুর নবী। এ সময় ছিনতাইকারী দলের ৪ সদস্য মোটরসাইকেলে করে ট্রাকের নিকট আসে। তাদের একজন দ্রুত গাড়িতে ঢুকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় ট্রাক চালকসহ মিলের শ্রমিকরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে যেতে পারলেও ধরা পড়ে আকাশ চৌধুরী। পরে তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, ছিনতাইয়ের সময় আকাশ চৌধুরীর সাথে আইয়ুব চৌধুরী, সুমেল মিয়া, রিয়াজ মিয়া নামের আরও তিন যুবক ছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আকাশসহ চারজন কোম্পানীগঞ্জ থানার চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




